সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

মণ্ডপের বুকস্টল বিতর্ক: ‘দুর্গাপূজা’ নাকি ‘শারদোৎসব’? ধর্ম ও রাজনীতির দ্বন্দ্ব

মণ্ডপের বুকস্টল বিতর্ক: ‘দুর্গাপূজা’ নাকি ‘শারদোৎসব’? বঙ্কিম ও রবীন্দ্রনাথের আলোয় বিশ্লেষণ

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ও রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিসহ দুর্গাপূজা, দুর্গোৎসব ও শারদোৎসবের রূপরেখা ও জ্বলন্ত প্রদীপের চিত্র। Portrait of Bankim Chandra Chattopadhyay and Rabindranath Tagore representing Durga Puja, Durgotsav, and Sharadotsav with a traditional oil lamp.
বঙ্কিমচন্দ্রের জাতীয়তাবাদী ‘দুর্গোৎসব’ থেকে রবীন্দ্রনাথের সর্বজনীন ‘শারদোৎসব’—উৎসবের রূপান্তর ও দর্শনের মেলবন্ধন।
উৎসবের সঙ্গে আনন্দ নামের এক বহুমাত্রিক আবেগ জড়িয়ে থাকে। এই আনন্দ মণ্ডপে বা ঘরের সীমাবদ্ধ গণ্ডির মধ্যে থাকা বৈচিত্রহীন পরিবেশে পূর্ণতা পায় না। আনন্দের স্বভাবই হলো ছড়িয়ে পড়া, সবাইকে ছুঁয়ে ফেলা। আর একারণেই উৎসব আপন স্বভাবেই সর্বজনীন হয়ে যায়।

ভূমিকা

বাংলা তথা বাঙালির কাছে শরৎ মানেই হল প্রকৃতি জুড়ে ছড়িয়ে থাকা চোখ জোড়ানো শিউলি ও কাশ ফুলের অপরূপ শোভা, রাতের আকাশে জেগে ওঠা স্নিগ্ধ চাঁদের আলোর মায়াবী পরিবেশ এবং অবশ্যই দুর্গাপূজার উৎসবমুখর দিনগুলোর হাতছানি। কিন্তু আজ এই উৎসবকে ঘিরে থাকা তিনটি নাম—দুর্গাপূজা, দুর্গোৎসব ও শারদোৎসব— আর নিছক ভাষাগত বৈচিত্র্য নয়; এগুলো হয়ে উঠেছে ধর্ম ও রাজনৈতিক দ্বন্দ্বের কেন্দ্রবিন্দু। অতীতে বঙ্কিমচন্দ্র থেকে রবীন্দ্রনাথ—প্রায় সকলেই এই শব্দগুলোকে ব্যবহার করেছেন তাদের বৌদ্ধিক ও সাংস্কৃতিক চেতনা প্রকাশের প্রয়োজনীয় শব্দবন্ধ হিসাবে। যদিও বঙ্কিমচন্দ্র এবং রবীন্দ্রনাথ ব্যবহৃত এই শব্দবন্ধগুলির অন্তর্নিহিত অর্থ ভিন্ন। এই ভিন্নতা বুঝলে বোঝা যায়, শব্দের রাজনীতি আসলে উৎসবের সার্বজনীনতা ও ধর্মীয় আচারের সম্পর্ক নিয়ে তৈরি এক অগভীর বিতর্ক। এই বিতর্ক (রাজনীতি) কতটা বাঙালির মঙ্গল ডেকে আনবে, তা নিয়ে নিশ্চয়ই ভাবতে হবে, এবং সেই সঙ্গে এও ভাবতে হবে বাঙালির শিক্ষা, সংস্কৃতি ও কর্মসংস্থানের সঙ্গে এই বিতর্ক ঠিক কতটা জড়িত! বা আদৌ জড়িত কিনা!

🔱 দুর্গাপূজা, দুর্গোৎসব ও শারদোৎসব : বঙ্কিম থেকে রবীন্দ্রনাথ

দুর্গাপূজা, দুর্গোৎসব ও শারদোৎসব—এই তিনটি শব্দের প্রয়োগে বঙ্কিমচন্দ্র ও রবীন্দ্রনাথের মধ্যে ভিন্নতা থাকলেও, শেষ বিচারে এরা পরস্পরবিরোধী নয়। উৎসবের স্বভাবই হলো সর্বজনীন হওয়া। ধর্মীয় আচার নির্দিষ্ট গোষ্ঠীর জন্য পালনীয় হলেও উৎসব কখনও একার হয় না। কারণ, উৎসবের আরেক নাম আনন্দ। আর আনন্দকে কোন সংকীর্ণ গণ্ডিতে বাঁধা যায় না। রবীন্দ্রনাথ এই সত্যটি উপলব্ধি করেছিলেন বলেই দুর্গাপূজাকে শুধুমাত্র মণ্ডপের গণ্ডির মধ্যে সীমাবদ্ধ রাখেননি, তাকে মন্ডপের বাইরে এনে ঋতুর সঙ্গে, প্রকৃতির সঙ্গে, সর্বোপরি মানুষের সঙ্গে যুক্ত করেছেন। এভাবেই দুর্গাপূজা হয়ে উঠেছে সর্বজনীন শারদোৎসব।

১] বঙ্কিমচন্দ্র: দুর্গোৎসব থেকে জাতীয়তাবাদ :

ক) বঙ্কিমচন্দ্র ও আমার দুর্গোৎসব

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনায় ‘দুর্গোৎসব’ শব্দটি বাঙালির জাতীয়তাবাদী চেতনার বাহক। তাঁর ‘আমার দুর্গোৎসব’ প্রবন্ধে (সংকলিত: কমলাকান্তের দপ্তর) তিনি দুর্গোৎসবকে বাঙালির প্রাণের উৎসব হিসেবে চিত্রিত করেছেন। এখানে দুর্গা কেবল ধর্মীয় দেবী নন, তিনি হয়ে উঠেছেন সমাজ, সংস্কৃতি ও জাতীয়তাবাদী চেতনার কেন্দ্রবিন্দু। বঙ্কিমচন্দ্রের মতে, দুর্গোৎসব কেবল আচার নয়, এটি বাঙালির সামাজিক মিলনের উৎসব, তিনি যার বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন ‘আমার দুর্গোৎসব’ প্রবন্ধে।

খ) বঙ্কিমচন্দ্র, আনন্দমঠ ও বন্দে মাতারম :

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তাঁর ‘আনন্দমঠ’ উপন্যাসে ‘বন্দে মাতরম’ গানটি সংযোজিত করেছেন। ‘ত্বং হি দুর্গা দশপ্রহরণধারিণী’ স্তোত্রে দুর্গা হয়ে উঠেছেন স্বদেশ মাতৃকার প্রতীক। এখানে ধর্মের সঙ্গে জাতীয়তাবাদী ভাবধারার সেতুবন্ধন ঘটানো হয়েছে। ফলে দুর্গাপূজা হয়ে উঠেছে উপনিবেশবিরোধী প্রতিরোধ আন্দোলন বা জাতীয়তাবাদী আন্দোলনের প্রতীক। আর ‘বন্দে মাতরম’ ব্রিটিশবিরোধী আন্দোলন তথা ব্রিটিশের শৃংখল মুক্তির মন্ত্র। এক কথায়, ধর্মের সঙ্গে এভাবে জাতীয়তাবাদী ভাবধারার সেতুবন্ধন ঘটার ফলে দুর্গোৎসব ধর্মীয় আচারের গণ্ডি পেরিয়ে জাতীয় চেতনার প্রতীকে রূপান্তরিত হয়েছে।

২] রবীন্দ্রনাথ: শারদোৎসব ও সর্বজনীনতা

রবীন্দ্রনাথ ঠাকুর ‘দুর্গাপূজা’র আচারগত দিক থেকে বেরিয়ে এসে ‘শারদোৎসব’-এর সৌন্দর্য ও আনন্দকে আরও একধাপ এগিয়ে এনে আধুনিক চেহারা দিয়েছেন। 

ক) শারদোৎসব নাটক ও সর্বজনীনতা :

রবীন্দ্রনাথ ঠাকুরের ‘শারদোৎসব’ (১৯০৮) নাটকটি শান্তিনিকেতনের ছাত্রদের জন্য রচিত একটি ঋতুভিত্তিক নাটক। এখানে কোনো দেবীর আরাধনা নেই। নাটকের শুরুতেই বালকরা গেয়ে ওঠে, “আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি।” রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই বলেছেন, “ওটা হচ্ছে ছুটির নাটক। ওর সময়ও ছুটি, ওর বিষয়ও ছুটি।”

 খ) শারদোৎসব ও সর্বজনীনতা : ভানুসিংহের পত্রাবলী

তাঁর ‘ভানুসিংহের পত্রাবলী’-তে ‘শারদোৎসব’ আসে প্রকৃতির শোভা ও আশ্রমের আনন্দের বর্ণনায় এবং তা এভাবে: “আমাদের আশ্রমের আকাশে শারদোৎসব আরম্ভ হ’য়েচে— শিউলিবন সাড়া দিয়েচে, মালতীলতার পাতায় পাতায় শুভ্রফুলের অসংখ্য অনুপ্রাস।” এখানে ‘শারদোৎসব’ মানে শিউলি, মালতী, আশ্রমের আকাশ—কোনো নির্দিষ্ট ধর্মীয় আচার নয়।

গ) ঋতুর উৎসব ও সর্বজনীনতা : শান্তিনিকেতন পত্রিকা 

‘শান্তিনিকেতন’ পত্রিকায় প্রকাশিত প্রবন্ধে তিনি লেখেন: “বিশেষ বিশেষ ঋতুর উৎসব চলিতেছে। সেই উৎসব মানুষ যদি অন্যমনস্ক হইয়া অন্তরের মধ্যে গ্রহণ না করে, তবে সে পার্থিব জীবনের একটি বিশুদ্ধ এবং মহৎ আনন্দ হইতে বঞ্চিত হয়।” তাঁর গানেও শারদ-আনন্দ ধ্বনিত: ‘আমার রাত পোহালো শারদ প্রাতে’, ‘আজ ধানের খেতে রৌপ্ৰছায়ায়’। ‘শরৎ’ কবিতায় তিনি লেখেন, “আজি কি তোমার মধুর মূরতি হেরিনু শারদ প্রভাতে!”

মনে রাখতে হবে, এর মানে কিন্তু এই নয় যে, রবীন্দ্রনাথ দুর্গাপূজার আচারকে অস্বীকার করেছেন। তিনি দুর্গাপূজার আচারগত সীমাকে বিস্তৃত করে দুর্গোৎসবের সার্বজনীন আনন্দকে আরও প্রসারিত করেছেন তাঁর বিভিন্ন রচনায়।

🍣 উৎসব কেন সর্বজনীন?

রবীন্দ্রনাথ ‘শারদোৎসব’ শব্দটি দিয়ে আসলে এমন একটি সত্যকে ধরতে চেয়েছেন যা আমরা প্রায়ই এড়িয়ে যাই। আর সেটা হল— উৎসব কখনো একার হয় না, কেননা বাস্তবে তা হওয়া সম্ভবও নয়। কারণ, একটা নির্দিষ্ট ধর্মীয় গোষ্ঠীর মধ্যে তাকে সীমাবদ্ধ রাখা যায় না। ধর্মীয় আচার-অনুষ্ঠান নির্দিষ্ট ধর্মাবলম্বী মানুষের জন্য পালনীয়—একথা ঠিক; সেটাকে একটি নির্দিষ্ট মণ্ডপে বসে, নির্দিষ্ট বিধি অনুসরণ করে (পূজা) করাও যায়। কেউ চাইলে ঘরের মধ্যেও তা করতে পারেন। কিন্তু উৎসব পালন এভাবে হয় না। উৎসবের সঙ্গে আনন্দ নামের এক বহুমাত্রিক আবেগ জড়িয়ে থাকে। এই আনন্দ মণ্ডপে বা ঘরের সীমাবদ্ধ গণ্ডির মধ্যে থাকা বৈচিত্রহীন পরিবেশে পূর্ণতা পায় না। তাই আনন্দের স্বভাবই হলো ছড়িয়ে পড়া, সবাইকে ছুঁয়ে ফেলা। আর একারণেই উৎসব আপন স্বভাবেই সর্বজনীন হয়ে যায়।

✅ শারদোৎসব শব্দের যৌক্তিকতা :

[১] এখানে লক্ষণীয় বিষয় হল, বঙ্কিমচন্দ্র ‘শারদোৎসব’ শব্দটি সরাসরি ব্যবহার করেননি। কিন্তু তাঁর রচনায় ‘শারদ’ বা ‘শারদীয়া’ এবং ‘উৎসব’ শব্দগুলো দুর্গাপূজা প্রসঙ্গেই এসেছে। যেমন, কমলাকান্তের দপ্তর-এ ‘এই সপ্তমীর শারদীয়া প্রতিমা’, বিষবৃক্ষ-এ ‘শারদ রাত্রি’, দুর্গেশনন্দিনী-তে ‘শারদ সরসীরুহ’ ইত্যাদি। মনে রাখতে হবে, ‘আমার দুর্গোৎসব’ রচনায় বঙ্কিমচন্দ্র ‘দুর্গোৎসব’ শব্দটিকে আধ্যাত্মিক চেতনার (বা ধর্মীয় বিশ্বাস) ও আচরণগত দিকের চেয়েও একটি বিশেষ অর্থে ব্যবহার করেছেন এবং তাকেই প্রাধান্য দিয়েছেন। এখানে তিনি দেবী দুর্গাকে ‘সপ্তমীর শারদীয়া প্রতিমা’ বলে চিহ্নিত করেছেন, যা আসলে তাঁর ভাবনায়, বাঙালি জাতীয়তাবাদের প্রতীক। এই ‘শারদীয়া প্রতিমা’ তো আসলে দেবী দুর্গার প্রতিমাই। শারদীয় প্রতিমার উৎসব যদি দুর্গোৎসব হয়, তাহলে ‘শারদোৎসব’ হতে তার আপত্তি থাকার যৌক্তিকতা কোথায়!

[২] আসলে দুর্গোৎসব হল দুর্গাপূজারই উৎসবময় রূপ; বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ‘আমার দুর্গোৎসব’ প্রবন্ধে যাকে ‘শারদীয় প্রতিমা’, ‘বঙ্গ জননী’, ‘বঙ্গ প্রতিমা’ ইত্যাদির আরাধনা বা পূজা বলে অভিহিত করেছেন। শারদোৎসব তারই ঋতু-ভিত্তিক সার্বজনীন রূপ। মনে রাখা দরকার, দুর্গোৎসব যখন মণ্ডপের গণ্ডির মধ্যে সীমাবদ্ধ না থেকে ঋতুর সঙ্গে, প্রকৃতির সঙ্গে, মানুষের সঙ্গে মিশে যায়, তখন দুর্গার মাহাত্ম্য কমে না, বরং তা সর্বজনীন হয়ে ওঠে। রবীন্দ্রনাথ সেই সর্বজনীনতারই ভাষারূপ দিয়েছেন ‘শারদোৎসব’ শব্দ ব্যবহার করে।

[৩] কিন্তু তার মানে এই নয় যে, যখনই পূজাকে উৎসব হিসেবে চিহ্নিত করা হচ্ছে, শরৎ ঋতুর সঙ্গে আনুষঙ্গিক করে তোলা হচ্ছে, কিংবা বঙ্কিমচন্দ্রের মতো জাতীয়তাবাদী চেতনার সঙ্গে যুক্ত করা হচ্ছে, তখন তা দুর্গাপূজার সঙ্গে সম্পর্কহীন হয়ে যাচ্ছে। বরং উল্টোটা হচ্ছে। দুর্গাপূজাকে উপলক্ষ করেই যেহেতু উৎসবটি হয় এবং শরৎকালীন এই উৎসবের মূল চরিত্রই যেহেতু দেবী দুর্গা, তাই এই সূত্রেই ‘দুর্গাপূজা’, ‘দুর্গোৎসব’ ও ‘শারদোৎসব’ পরস্পরের সঙ্গে গভীর সম্পর্কের বাঁধনে বাঁধা পড়ে। এক্ষেত্রে দুর্গাপুজোকে শারদোৎসব বলার মধ্যে কোন যুক্তির অভাববোধ হয় না।

[৪] সুতরাং, এদিক থেকে দেখলে, রবীন্দ্রনাথ ঠাকুরের ‘শারদোৎসব’ আসলে বঙ্কিমচন্দ্রের ‘দুর্গোৎসব’ই। আর দুর্গোৎসব তো দুর্গাপূজাকে বাদ দিয়ে হয় না। রবীন্দ্রনাথ শুধুমাত্র একে সার্বজনীনতার মোড়ক দিয়েছেন মাত্র। একটি নির্দিষ্ট ঋতুতে এবং রীতিতে এই দুর্গাপূজা বা দুর্গোৎসব হয় বলে তার সঙ্গে প্রকৃতির অনুষঙ্গ জুড়ে দিয়েছেন, যেমন দিয়েছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ও। রবীন্দ্রনাথ শারদোৎসব নাটকে যে ছুটির কথা বলেছেন, সেই ছুটির প্রচলন তো শরৎ প্রকৃতিকে দেখে দেওয়া হয় না—দেওয়া হয় বা আগেও হয়েছে দুর্গাপূজাকে উপলক্ষ করেই। অর্থাৎ, রবীন্দ্রনাথের এই ছুটির উৎস শুধু প্রকৃতিতে নয়, উৎসবের মধ্যেও সম্পৃক্ত রয়েছে। আমরা যেন ভুলে না যাই, রবীন্দ্রনাথের দ্বারা দুর্গাপুজোর সঙ্গে এই সর্বজনীন চেতনার আঙ্গিক যুক্ত হওয়ার কারণেই এই উৎসব বিশ্বজনীন চেহারা নিয়েছে এবং তা স্বীকৃতিও পেয়েছে।

তবে রবীন্দ্রনাথের ‘শারদোৎসব’ লেখাটি (নাটক) সম্পর্কে একটি সূক্ষ্ম তথ্য আমাদের মনে রাখা প্রয়োজন, যা আমি পূর্বেই উল্লেখ করেছি। তিনি ‘শারদোৎসব’ নাটকে কিন্তু দুর্গাপূজার আচার-অনুষ্ঠানকে সরাসরি চিত্রিত করেননি; এটি একটি ছুটির নাটক। ‘ভানুসিংহের পত্রাবলী’তে তিনি ‘শারদোৎসব’ বলতে বুঝিয়েছেন প্রকৃতির আনন্দ—শিউলি, মালতী, আশ্রমের আকাশ। ‘শান্তিনিকেতন’ প্রবন্ধে তিনি এটিকে ঋতুর উৎসব বলে ব্যাখ্যা করেছেন। তাই, তাঁর লেখায় ‘শারদোৎসব’ শব্দটি কেবলমাত্র দুর্গাপূজার আচারগত প্রতিশব্দ হিসেবেই ব্যবহার করা হয়েছে —এটা মোটেও নয়।

কিন্তু সাংস্কৃতিক অর্থে বাংলায় ‘শারদোৎসব’ বললে সাধারণত দুর্গোৎসবকেই বোঝায়। কারণ, শরতের প্রধান উৎসবই হল দুর্গাপূজা। বহু বছর ধরে ‘শারদীয়া দুর্গোৎসব’ একটি বহুল প্রচলিত অভিধাও বটে। রবীন্দ্রনাথ ঠাকুর দুর্গাপূজার উপলক্ষকে স্বীকার করে, তার আচারটুকুকে একমাত্র অনুষঙ্গ হিসেবে না দেখিয়ে ঋতু ও আনন্দকে এই নাটকে প্রধান করেছেন। এটাই তার সার্বজনীনকরণ। এই বিষয়টিকে আমরা এভাবে সূত্রায়িত করতে পারি —
  • · দুর্গাপূজা = নির্দিষ্ট ধর্মীয় আচার ও শাস্ত্রীয় বিধান।
  • · দুর্গোৎসব = ধর্মীয় আচারের সঙ্গে সামাজিক মিলন ও জাতীয়তাবাদী/সাংস্কৃতিক চেতনার সংযোজন।
  • শারদোৎসব = ধর্মীয় গণ্ডি ছাড়িয়ে ঋতু, প্রকৃতি ও মানুষের সর্বজনীন আনন্দের প্রকাশ।
বাংলায় এই ঋতু উৎসব অর্থাৎ শারদোৎসব বলতে সাধারণত দুর্গোৎসবকেই বোঝায়। তাই শারদ উৎসব, দুর্গোৎসব এবং দুর্গাপূজা একটি সমবাহু ত্রিভুজের তিন পিঠ। “রবীন্দ্রনাথের শারদোৎসব কখনো কখনো দুর্গোৎসব” নয় —এটা যেমন ঠিক; তেমনি ঠিক “দুর্গোৎসব হলো বাংলার শারদোৎসবেরই প্রধান রূপ। রবীন্দ্রনাথ তার সর্বজনীন আনন্দময় দিকটিকে যুক্ত করে তাকে ‘শারদোৎসব’ নামে প্রতিষ্ঠা করেছেন।”

䷅ ধর্ম ও রাজনীতির দ্বন্দ্ব :

আজ ‘শারদোৎসব’ শব্দটি নিয়ে রাজনৈতিক বিতর্ক তীব্রতর হয়েছে। কেউ অভিযোগ করছেন, ‘শারদোৎসব’ বলে দুর্গাপূজাকে এড়িয়ে যাওয়া হচ্ছে। আবার কেউ বলছেন, ‘শারদোৎসব’ রবীন্দ্রনাথের সর্বজনীনতার ভাষা, যা দুর্গাপূজা বিবর্জিত নয়। সম্প্রতি পশ্চিমবঙ্গে বিজেপি বিধায়ক মণ্ডপের বুকস্টলে ‘দুর্গাপূজা’ লেখা বাধ্যতামূলক করার দাবি তুলেছেন। অন্যদিকে অভিনেতা ঋদ্ধি সেন রবীন্দ্রনাথের ‘শারদোৎসব’ বইয়ের ছবি পোস্ট করে দেখিয়েছেন, ‘শারদোৎসব’ বাংলা সংস্কৃতির একটি দীর্ঘস্থায়ী ঐতিহ্য।

উপরের বিস্তারিত আলোচনার প্রেক্ষাপটে আমরা বিষয়টিকে এভাবে দেখতে পারি—
  • রবীন্দ্রনাথের চেতনায় ‘শারদোৎসব’ দুর্গাপূজার বিকল্প নয়, বরং তার সর্বজনীন আনন্দময় রূপ।
  • যদি কেউ প্রকৃত অর্থে ‘শারদোৎসব’ শব্দটি দুর্গাপূজা এড়ানোর কৌশল হিসেবে ব্যবহার করেন, তারা অবশ্যই রবীন্দ্রনাথের চেতনার বাইরে।
  • অন্যদিকে, যারা এই শব্দের ব্যবহারকে ‘দুর্গাপূজা এড়ানোর অজুহাত’ বলে অভিযোগ করছেন, তারাও ভিন্ন রাজনৈতিক অবস্থান থেকে একথা বলছেন। বাঙালির দুর্গোৎসবের অন্তর্নিহিত উদ্দেশ্যের সঙ্গে তা মোটেও যুক্ত নয়।
অর্থাৎ, শব্দটিকে কেন্দ্র করে যে দ্বন্দ্ব, তা আসলে ধর্ম ও রাজনীতির দ্বন্দ্ব—উৎসবের সর্বজনীনতা বনাম আচারগত বিশেষত্বের রাজনীতি।

🤝 সমন্বয়ের সুর :

একথা অনস্বীকার্য যে, উৎসব যখন মঠ, মণ্ডপ, মসজিদ ও গির্জার গণ্ডির মধ্যে সীমাবদ্ধ না থেকে ঋতুর সঙ্গে, প্রকৃতির সঙ্গে, মানুষের সঙ্গে মিশে যায়, তখন দুর্গা, আল্লাহ কিম্বা ঈশ্বরের মাহাত্ম্য কমে না, বরং সর্বজনীন হয়ে ওঠে। রবীন্দ্রনাথ সেই সর্বজনীনতারই ভাষা দিয়েছেন। এতে ধর্মের ক্ষতি তো নেই-ই, বরং মানবতার লাভ রয়েছে।

আজকের প্রেক্ষাপটে এই সমন্বয়ের সুরটিই সবচেয়ে জরুরি। কারণ বাস্তবতা হলো—উৎসব কখনো একার হয় না। দুর্গাপূজা যখন মণ্ডপের বাইরে এসে রাস্তায় নামে, যখন সব ধর্মের মানুষ একসঙ্গে শিউলি কুড়োয়, ছুটির আনন্দ সকলে ভাগ করে নেয়—তখন সেটা আর শুধু হিন্দুদের উৎসব থাকে না। সেটা হয়ে ওঠে বাংলার উৎসব, বাঙালির উৎসব। শারদোৎসব এই সর্বজনীনতা দুর্গাপূজার মাহাত্ম্যকে কমায় না, বরং বাড়ায়। কারণ, তা তখন সব মানুষকে ছুঁয়ে যায় এবং মানবিক ও সার্বিক হয়ে ওঠে, হয়ে ওঠে আনন্দঘন।

📌 উপসংহার :

সুতরাং, রবীন্দ্রনাথের ‘শারদোৎসব’ শব্দটিকে দুর্গাপূজার বিকল্প বা বিরোধী ভেবে বিতর্ক তৈরি করা নিরর্থক। দুর্গাপূজা যখন মণ্ডপের চারদেওয়াল ডিঙিয়ে ঋতুর সৌন্দর্য ও মানবতার মেলবন্ধনে রূপ নেয়, তখনই তা ‘শারদোৎসব’ হয়ে ওঠে। এই রূপান্তর ধর্মীয় মহিমাকে ক্ষুণ্ণ করে না, বরং উৎসবের আনন্দকে সর্বজনীন ও বিশ্বজনীন করে তোলে।

📚 তথ্যসূত্র

  1. আমার দুর্গোৎসব’, কমলাকান্তের দপ্তর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
  2. আনন্দমঠ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
  3. বিষবৃক্ষ, দুর্গেশনন্দিনী, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
  4. শারদোৎসব (নাটক), রবীন্দ্রনাথ ঠাকুর।
  5. ভানুসিংহের পত্রাবলী, রবীন্দ্রনাথ ঠাকুর।
  6. শারদোৎসব’ প্রবন্ধ, শান্তিনিকেতন পত্রিকা, রবীন্দ্রনাথ ঠাকুর।
  7. শরৎ’, রবীন্দ্রনাথ ঠাকুর, ‘
  8. রবীন্দ্রসঙ্গীত: ‘আমার রাত পোহালো শারদ প্রাতে’, ‘আজ ধানের খেত রৌপ্ৰছায়ায়’

মন্তব্যসমূহ

📂 আলী হোসেনের জনপ্রিয় প্রবন্ধগুলি

হিন্দু কারা? তারা কীভাবে হিন্দু হল?

হিন্দু কারা? কীভাবে তারা হিন্দু হল? যদি কেউ প্রশ্ন করেন, অমিত শাহ হিন্দু হলেন কবে থেকে? অবাক হবেন তাই তো? কিন্তু আমি হবো না। কারণ, তাঁর পদবী বলে দিচ্ছে উনি এদেশীয়ই নন, ইরানি বংশোদ্ভুত। কারণ, ইতিহাস বলছে পারস্যের রাজারা ‘শাহ’ উপাধি গ্রহণ করতেন। এবং ‘শাহ’ শব্দটি পার্শি বা ফার্সি। লালকৃষ্ণ আদবানির নামও শুনেছেন আপনি। মজার কথা হল আদবানি শব্দটিও এদেশীয় নয়। আরবি শব্দ ‘আদবান’ থেকে উদ্ভূত। সুতরাং তাঁর পদবীও বলছে, তিনিও এদেশীয় নন। ভাষাতত্ত্ব ও নৃতত্ত্বের বিশ্লেষণ বলছে, উচ্চবর্ণের বিশেষ করে ব্রাহ্মণ্য ধর্মের মানুষদের, উৎসভূমি হল পারস্য উপসাগরীয় অঞ্চল। তারও আগে ছিল ইউরোপের ককেশাস অঞ্চলে। আসলে এরা (উচ্চবর্ণের মানুষ) কেউই এদেশীয় নয়। তারা নিজেদের আর্য বলে পরিচয় দিতেন এবং এই পরিচয়ে তারা গর্ববোধ করতেন। সিন্ধু সভ্যতা পরবর্তীকালে তারা পারস্যের বিভিন্ন এলাকা থেকে হিন্দুকুশ পর্বতের গিরিপথ ধরে এদেশে অভিবাসিত হয়েছেন। আর মধ্যযুগে এসে এদেরই উত্তরসূরী ইরানিরা (অমিত শাহের পূর্বপুরুষ) অর্থাৎ পারস্যের কিছু পর্যটক-ঐতিহাসিক, এদেশের আদিম অধিবাসীদের ’হিন্দু’ বলে অভিহিত করেছেন তাদের বিভিন্ন ভ্রমণ বৃত্তান্তে। ...

রবীন্দ্রনাথের ধর্মভাবনা ও তার বিবর্তন

রবীন্দ্রনাথের ধর্মভাবনা ও তার বিবর্তন আলী হোসেন  যদি প্রশ্ন করা হয় রবীন্দ্রনাথ ঠাকুরের ধর্ম কী? মনে হয় অনেকেই ঘাবড়ে যাবেন। কেউ বলবেন, তাঁর বাবা যখন ব্রাহ্ম ছিলেন, তখন তিনি নিশ্চয়ই ব্রাহ্ম হবেন। যারা লেখাপড়া জানেন না, তারা বলবেন, কেন! উনি তো হিন্দু ছিলেন। আবার কেউ কেউ তথ্য সহযোগে এও বলার চেষ্টা করবেন যে, উনি নাস্তিক ছিলেন। না হলে কেউ বলতে পারেন, ধর্মমোহের চেয়ে নাস্তিকতা অনেক ভালো?¹ রবীন্দ্রনাথের ধর্ম ভাবনার বিবর্তন  তাহলে সঠিক উত্তরটা কী? আসলে এর কোনোটাই সঠিক উত্তর নয়। চিন্তাশীল মানুষ-মাত্রই সারা জীবন ধরে ভাবতে থাকেন। ভাবতে ভাবতে তাঁর উপলব্ধি এগোতে থাকে ক্রমশঃ প্রগতির পথে। এই সময়কালে জগৎ ও জীবন থেকে তথ্য সংগ্রহ করে একে একে গড়ে তোলেন জীবনদর্শনের নিত্যনতুন পর্ব। তাই এ ধরনের চিন্তাশীল মানুষ আজীবন এক এবং অখণ্ড জীবনদর্শনের বার্তা বহন করেন না। সময়ের সাথে সাথে পাল্টে যায় তাঁর পথচলার গতিমুখ, গড়ে ওঠে উন্নততর জীবন দর্শন। মানুষ রবীন্দ্রনাথও তাই পাল্টে ফেলেছেন তাঁর জীবন ও ধর্মদর্শন; সময়ের এগিয়ে যাওয়াকে অনুসরণ করে। রবীন্দ্রনাথ ও  হিন্দু জাতীয়তাবাদ ১৮৬১ সালের ৭ই মে সোমবার রাত্রি ২টা ৩৮ ...

ভাগ্য : মুসলিম মনস্তত্ত্ব, ধর্মদর্শন ও প্রগতি

ভাগ্য : মুসলিম মনস্তত্ত্ব, ধর্মদর্শন ও প্রগতি - লিখছেন আলী হোসেন  কপালের লেখন খণ্ডায় কার সাধ্য? জাতি-ধর্ম নির্বিশেষে কিংবা লেখাপড়া জানা-নাজানা নির্বিশেষে সমস্ত মানুষের সিংহভাগই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই কথাটা মেনে নেয়। জীবনের উত্থান-পতনের ইতিহাসে কপালের লেখনকে জায়গা করে দিতে তারা কুণ্ঠাবোধ করে না। বরং বলা ভালো এব্যাপারে তারা অতিমাত্রায় উদার। মানুষের মনস্তত্বের এ-এক জটিল স্তর বিন্যাস। একই মানুষ বিভিন্ন সময়ে একই বিষয়ের বিচার বিশ্লেষণে ভিন্নভিন্ন দৃষ্টিকোণ ব্যবহার করে। এ রকমই একটি দৃষ্টিকোণ হলো কপাল বা ভাগ্যের ভূমিকাকে সাফল্যের চাবিকাঠি বলে ভাবা। কখনও সে ভাগ্যের নিয়ন্ত্রক হয়ে ওঠার চেষ্টা করে, আবার কখনও নিজেই ভাগ্যের কাছে নির্দিধায় আত্ম সমর্পন করে। নিজের ব্যার্থতার পিছনে ভাগ্যের অদৃশ্য হাতের কারসাজির কল্পনা করে নিজের ব্যার্থতাকে ঢাকা দেওয়ার আপ্রাণ চেষ্টা করে থাকে। মজার কথা, এক্ষেত্রে মুসলিম মানসের মনস্তত্ত্ব কখনও চেতনমনে আবার কখনও অবচেতন মনে উপরওয়ালাকে (আল্লাহকে) কাঠ গড়ায় তোলে বিনা দ্বিধায়। নির্দিধায় বলে দেয়, উপরওয়ালা রাজি না থাকলে কিছুই করার থাকেনা। সাফল্য কিংবা ব্যর্থতা সবই তাঁর (আল...

সীমান্ত আখ্যান, বাঙালির আত্মানুসন্ধানের ডিজিটাল আখ্যান

সময়ের সঙ্গে সমস্যার চরিত্র বদলায়। কিন্তু মুলটা বদলায় না। যদি সে সমস্যা ইচ্ছা করে তৈরি হয়ে থাকে বিশেষ সুবিধা ভোগেই লোভে, তবে তো অন্য কথা চলেই না। স্বনামধন্য স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাতা সৌমিত্র দস্তিদারের ডকুমেন্টারি ফিল্প 'সীমান্ত আখ্যান' দেখার পর এই উপলব্ধি মাথা জুড়ে ঘুরপাক খাচ্ছে। দেখলাম, দেশ ভাগ হয়েছে। কিন্তু সমস্যার অবসান হয়নি। শুধু সমস্যার চরিত্রটা পাল্টেছে। এই যে সমস্যা রয়ে গেল, কোন গেল? তার উত্তর ও পাওয়া গেল 'সীমান্ত আখ্যান' এ। আসলে দেশ ভাগ তো দেশের জনগণ চাননি, চেয়েছেন দেশের নেতারা। চেয়েছেন তাঁদের ব্যক্তিগত, সম্প্রদায়গত সুবিধাকে নিজেদের কুক্ষিগত করার নেশায়। আর এই নেশার রসদ যোগান দিতে পারার নিশ্চয়তা নির্ভর করে রাজনৈতিক ক্ষমতার লাগাম নিজের হাতে থাকার ওপর। তাই রাজনীতিকরা এই ক্ষমতা কুক্ষিগত করার জন্য জনগণকে 'ডিভাইড এন্ড রুল' পলিছি দ্বারা নিজেদের নিয়ন্ত্রণে রাখতে চেষ্টা করেছেন এবং করে চলেছেন। এ সমস্যা নতুন না, ব্রিটিশ সরকার এর বীজ রোপণ করে গেছেন, এখন কেউ তার সুফল ভোগ করছে (রাজনীতিকরা) আর কেউ কুফল (জনগন)। 'সীমান্ত আখ্যান চোখে আঙুল দিয়ে দে...

কাশ্মীর ফাইলস : প্রপাগান্ডার এক নয়া ব্রান্ড, কর্পোরেট পুঁজি ও রাজনৈতিক দলের গলাগলির এক সুচারু প্রদর্শনী

কাশ্মীর ফাইলস : প্রপাগান্ডার এক নয়া ব্রান্ড, কর্পোরেট পুঁজি ও রাজনৈতিক দলের গলাগলির এক সুচারু প্রদর্শনী রাজায় রাজায় যুদ্ধ হয় উলুখাগড়ার প্রাণ যায়। ১৯৪৭ সালের পর থেকে জম্মু ও কাশ্মিরের জনগণের ভাগ্যলিপিতে লেখা হয়ে গেছে এই বিখ্যাত প্রবাদটির বিস্তারিত সারাৎসার। একদিকে পাকিস্তান আর অন্যদিকে ভারত – এই দুই প্রতিবেশি দেশের ভুরাজনৈতিক স্বার্থের যাঁতাকলে পড়ে তাদের এই হাল। কিন্তু কেন এমন হল? এই প্রশ্নের উত্তর জানে না এমন মানুষ ভুভারতে হয়তো বা নেই। কিন্তু সেই জানার মধ্যে রয়েছে বিরাট ধরণের ফাঁক। সেই ফাঁক গলেই ঢুকেছে কাশ্মির ফাইলসের মত বিজেপির রাজনৈতিক ন্যারেটিভ যা তারা বহুকাল ধরে করে চলেছে অন্য আঙ্গিকে। এবার নতুন মাধ্যমে এবং নবরূপে তার আগমন ঘটেছে, যায় নাম সিনেমা বা সেলুলয়েড প্রদর্শনী। যদিও ডিজিটাল মাধ্যমে ইলেক্ট্রনিক মিডিয়ার সৌজন্যে অনেক আগেই সফলভাবে তারা এই ন্যারেটিভ দিয়ে বিভাজনের রাজনীতি করে চলেছে বেশ কয়েক বছর ধরে। টেলিভিশন সম্প্রচারে কর্পোরেট পুজির অনুপ্রবেশের মাধ্যমে যার সূচনা হয়েছিল। রাষ্ট্রশক্তিকে কুক্ষিগত করতে না পারলে দেশের সম্পদের ওপর নিয়ন্ত্রন আনা সম্ভব নয়, একথা সাধারণ নিরক্ষর নাগরিক এবং ত...

মধ্যযুগের ভারতীয় ইতিহাস কী শুধুই ধর্মীয় সংঘাতের ইতিহাস? জেমিনাই এআই-এর সাথে একটি রোমাঞ্চকর ঐতিহাসিক বিতর্ক

মধ্যযুগের ভারতীয় ইতিহাস কী শুধুই ধর্মীয় সংঘাতের ইতিহাস? জেমিনাই এআই-এর সাথে একটি রোমাঞ্চকর ঐতিহাসিক বিতর্ক ও প্রকৃত সত্যের অনুসন্ধান ভূমিকা : সম্প্রতি আমি ( আলী হোসেন ) গুগলের জেমিনাই এআই (Gemini AI)-এর সাথে ইতিহাস রচনার আধুনিক পদ্ধতি এবং মোগল সম্রাট ঔরঙ্গজেবের মূল্যায়ন নিয়ে একটি দীর্ঘ ও বিতর্কিত আলোচনায় অংশ  নিয়েছিলাম। আলোচনার এক পর্যায়ে এআই-এর প্রথমদিকের কিছু প্রচলিত ও অসম্পূর্ণ ব্যাখ্যাকে যখন যুক্তি এবং আধুনিক ও সুসংবদ্ধ বৈজ্ঞানিক পদ্ধতিতে তৈরি কাঠামোর সামনে দাঁড় করালাম , তখন কীভাবে একটি বড় ‘ব্লাইন্ড স্পট’ বা অন্ধবিন্দু পেরিয়ে আসল সত্যটি বেরিয়ে এলো —তার পুরো বিবরণ পাঠকদের জন্য নিচে হুবহু (সংলাপ আকারে) তুলে ধরা হলো। ইতিহাসকে চেনার জন্য এই আলোচনাটি প্রতিটি ইতিহাসপ্রেমীর মনে নতুন খোরাক জোগাবে। মূল সংলাপ: পাঠক (আলী হোসেন) বনাম জেমিনাই এআই Medieval Indian History - Complete 14 Slides Beyond Religious Conflict ...

শিক্ষা কী, কেন প্রয়োজন এবং কীভাবে অর্জন করা যায়?

শিক্ষা কী, কেন এবং কীভাবে অর্জন করতে হয়? সূচিপত্র : What is education, why it is needed and how to achieve it শিক্ষা কী শিক্ষা হল এক ধরনের অর্জন, যা নিজের ইচ্ছা শক্তির সাহায্যে নিজে নিজেই নিজের মধ্যে জমা করতে হয়। প্রকৃতি থেকেই সেই অর্জন আমাদের চেতনায় আসে। সেই চেতনাই আমাদের জানিয়ে দেয়, জগৎ ও জীবন পরিচালিত হচ্ছে প্রকৃতির কিছু অলংঘনীয় নিয়ম-নীতি দ্বারা। গভীর পর্যবেক্ষণ ও বিশ্লেষণ শক্তিকে বিজ্ঞানসম্মত পদ্ধতিতে কাজে লাগালেই এই নিয়মনীতিগুলো আমাদের আয়ত্বে আসে। এই নিয়ম-নীতিগুলো জানা, বোঝা এবং সেই জানা-বোঝার ওপর ভিত্তি করেই জগৎ ও জীবনকে সর্বোত্তম পর্যায়ে পৌঁছে দেয়ার পথ খুঁজে বের করার শক্তি অর্জন করা যায়। এই শক্তিই হল শিক্ষা। এক কথায় : শিক্ষা হল একধরনের সামর্থ বা শক্তি, যা জগত, জীবন ও রাষ্ট্র-পরিচালনার অলঙ্ঘনীয় নিয়মগুলো জানতে, বুঝতে এবং তাকে সফলভাবে প্রয়োগ করতে শেখায়, এবং মানুষের জীবনকে সুন্দর ও সফল করে তোলে। মনে রাখতে হবে, এই শিক্ষা কখনও কারও মধ্যে জোর করে ঢুকিয়ে দেওয়া যায় না। এখন প্রশ্ন হল, শিক্ষা অর্জনের বিজ্ঞানসম্মত পদ্ধতিটা আসলে কী। সেই আলোচনায় যাওয়ার আগে জানতে হবে, এ...

জল, না পানি : জল নিয়ে জলঘোলা করা পানির মত সহজ নয়

জল নিয়ে জলঘোলা করা পানির মত সহজ নয় আলী হোসেন  সম্প্রতি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত সরকারি অনুষ্ঠানে চিত্র শিল্পী শুভাপ্রসন্ন ভট্টাচার্য পানি শব্দকে বাংলা নয় বলে দাবি করেছেন। বলেছেন, "আমরা কোনোদিন কখনও বাংলা ভাষায় পানি (শব্দটা) ব্যবহার করি না"। শুধু তা-ই নয়, পানি শব্দের ব্যবহারের মধ্যে তিনি 'সাম্প্রদায়িকতার ছাপ'ও দেখতে পেয়েছেন। প্রশ্ন হল - এক, এই ভাবনা কতটা বাংলা ভাষার পক্ষে স্বাস্থ্যকর এবং কতটা 'বাংলা ভাষার ইতিহাস' সম্মত? দুই, জল বা পানি নিয়ে যারা জলঘোলা করছেন তারা কি বাংলাকে ভালোবেসে করছেন? মনে হয় না। কারণ, খোঁজ নিলে দেখা যাবে, এরা কেউ নিজের সন্তানকে বাংলা মিডিয়াম স্কুলে পড়াননি বা পড়ান না। ব্যবহারিক জীবনেও তারা বাংলার ভাষার চেয়ে ইংরেজি বা হিন্দিতে কথা বলতে বা গান শুনতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন, বলা ভালো গর্ববোধ করেন। প্রসংগত মনে রাখা দরকার, বাংলা মিডিয়াম স্কুলগুলোতে যারা ভর্তি হয়, তারা অধিকাংশই গরীব ঘরের সন্তান। বলা ভালো, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে তারাই বাংলা ভাষাকে বাঁচিয়ে রেখেছেন। কারণ, সন্তানকে বাংলা মিডিয়ামে পড়ানোর পাশাপাশি, বা...

শিক্ষক নিয়োগ দুর্নীতি : নেতিবাচক রাজনীতি চর্চা - আলী হোসেন

শিক্ষক নিয়োগ দুর্নীতি : নেতিবাচক রাজনীতি চর্চায় সাধারণ মানুষের নাভিশ্বাস শিক্ষক নিয়োগ দুর্নীতি : নেতিবাচক রাজনীতি চর্চা - আলী হোসেন আলী হোসেন বিচার একটি যৌথ প্রচেষ্টার ফসল। বিচারক কখনই সঠিক সিদ্ধান্তে আসতে পারেন না, যদি না এই প্রক্রিয়ার সঙ্গে জড়িত বিভিন্ন সংস্থা ও তার কর্মকর্তারা উপযুক্ত তথ্য সংগ্রহ করতে এবং বিচারককে তা সরবরাহ করতে পারেন। আর বিচার ব্যবস্থা হচ্ছে এমন একটি শক্তির আধার; তা যার হাতে থাকে, তিনিই বিচারক। এই শক্তি ন্যায়বিচার তখনই দিতে পারে, যখন বিচারক নিরপেক্ষ থাকার সৎ সাহস দেখান এবং সাংবিধানিক আইন এবং তার প্রয়োগ বিষয়ে আধুনিক দৃষ্টিভঙ্গি সম্পর্কে বিশেষ পারদর্শিতা অর্জন করেন। তবে তাঁর সফলতা নির্ভর করে তথ্য সংগ্রহকারী বিভিন্ন সংস্থা এবং আইনজীবীরা কতটা সততা ও নিষ্ঠার সঙ্গে সেই তথ্য বিচারকের কাছে পৌঁছে দিচ্ছেন, তার উপর। তাই একজন বিচারক বা বিচার ব্যবস্থা যা বিধান দেয়, তা সব সময় একশ শতাংশ সঠিক এবং যুক্তিযুক্ত হবে - এমন কথা নিশ্চিতভাবে বলা যায় না। এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত কোনো একটি পক্ষ যদি পক্ষপাতদুষ্ট হয়, তাহলে ন্যায় বিচার পাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়ে। মনে রাখতে হবে, ...

নিম্নবর্গের মানুষ মার খাচ্ছে কেন

নিম্নবর্গের মানুষ কীভাবে পিছিয়ে পড়েছেন? সমাধান কীভাবে? এদেশের নিম্নবর্গের মানুষ নিজেদের বাঁচাতে যুগ যুগ ধরে ধর্ম পরিবর্তন করেছে। কখনও বৌদ্ধ (প্রাচীন যুগ), কখনও মুসলমান (মধুযুগ), কিম্বা কখনো খ্রিস্টান (আধুনিক যুগ) হয়েছে। কিন্তু কখনই নিজেদের চিন্তা-চেতনাকে পাল্টানোর কথা ভাবেনি। পরিবর্তন হচ্ছে অলংঘনীয় প্রাকৃতিক নিয়ম। যারা এই নিয়ম মেনে সময়ের সঙ্গে তাল মেলাতে পারে, তারাই লাভবান হয়, টিকে থাকে। “পাল্টে গেলেই জীবন বাড়ে না পাল্টালে নয়, জীবন মানেই এগিয়ে যাওয়া নইলে মৃত্যু হয়” জীবনের এই চরম সত্য তারা অধিকাংশই উপলব্ধি করতে পারেনি। পৃথিবীর যেকোন উন্নত জাতির দিকে তাকান, তারা দ্রুততার সঙ্গে এই পরিবর্তনকে মেনে নিজেদেরকে পুনর্গঠন করে নিয়েছে। যারা পারেনি বা নেয়নি তারাই মার খাচ্ছে, অতীতেও খেয়েছে। বুদ্ধিমান জাতি নিজের দুর্বলতাকে মেনে নেয় এবং ঘুরে দাঁড়ানোর জন্য সময়ের সঙ্গে তাল রেখে নিজেদের চিন্তা এবং চেতনায় পরিবর্তন আনে। খ্রিষ্টান, ইহুদি-সহ এশিয়া, ইউরোপ ও আমেরিকার বিভিন্ন জাতি - যারাই এই পরিবর্তন মেনে নিয়েছে তারাই আরও উন্নত এবং শক্তিশালী হয়ে উঠেছে। মহানবীর (সঃ) গৌরবময় উত্থান (যা এক ধরণ...