বজ্রপাত: কারণ, বৈশ্বিক চিত্র, সুরক্ষা ও সাম্প্রতিক গবেষণালব্ধ তথ্য বজ্রপাত সম্পর্কে বিস্তারিত জানতে পড়ুন আমাদের এই প্রতিবেদনটি। এটি থেকে আপনি বজ্রপাতের কারণ, সুরক্ষা পদ্ধতি এবং বিশ্বব্যাপী এর হটস্পট সম্পর্কে জানতে পারবেন। বজ্রপাত প্রকৃতির এক ভয়াবহ ও দ্রুতগামী বৈদ্যুতিক অভিঘাত, যা প্রতি বছর পৃথিবীজুড়ে প্রায় ২৪,০০০ মানুষের মৃত্যু ঘটায় এবং বহুগুণ মানুষ আহত হন। সাম্প্রতিক দশকগুলিতে জলবায়ু পরিবর্তনের প্রভাবে বজ্রপাতের পুনরাবৃত্তি ও তীব্রতায় পরিবর্তন আসায় এটি এখন কেবল আবহবিদ্যার বিষয় নয়, বরং দুর্যোগ মোকাবেলার একটি প্রধান বিষয় হয়ে উঠেছে। এই প্রবন্ধে বজ্রপাতের বৈজ্ঞানিক ব্যাখ্যা , প্রাণহানির পরিসংখ্যান , সুরক্ষা কৌশল এবং সাম্প্রতিক গবেষণালব্ধ আঞ্চলিক ও বৈশ্বিক হটস্পট নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। বজ্রপাত কী? বজ্রপাত হল মেঘের মধ্যে বা মেঘ ও ভূপৃষ্ঠের মধ্যে অতি দ্রুতগতির তড়িৎ নিঃসরণ । এই নিঃসরণের সময় বায়ুমণ্ডল অতি উচ্চ তাপমাত্রায় (প্রায় ৩০,০০০ ডিগ্রি সেলসিয়াস) উত্তপ্ত হয়ে সম্প্রসারিত হয়, যা প্রচণ্ড শব্দ সৃষ্টি করে। এই শব্দকে মেঘগর্জন (স্থানীয় ভাষায় ‘ মেঘ ডাকা ’) ব...